ভারতের পাঞ্জাবের অমৃতসরে একটি মন্দিরে আটকে রেখে তফশিলি সম্প্রদায়ের দুই নারীকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মন্দিরের প্রধান পুরোহিতসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার অন্য দুই অভিযুক্ত পালিয়ে গেছেন।
প্রতিবেদন অনুযায়ী, নির্যাতনের শিকার দুই নারী তাঁদের দুরবস্থার কথা জানিয়ে পাঞ্জাবের তফশিলি কমিশনের সদস্য তারসেম সিংকে চিঠি লেখেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে অমৃতসরের লোপোকে থানার পুলিশ রামতীর্থ কমপ্লেক্সের গুরু জ্ঞান নাথ আশ্রম বাল্মীকি তীর্থে অভিযান চালায়।
অভিযান চালিয়ে মন্দির থেকে দুই নারীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত গিরিধারি নাথ ও তাঁর সহযোগী বারিন্দর নাথকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত অপর দুজন নাছট্টর সিং ও সুরজ নাথ পালিয়ে যান।
স্থানীয় ডিএসপি প্রতাপ সিং জানান, তফশিলি কমিশনের সদস্য তারসেম সিং সায়ালকারের অভিযোগের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ