ইউক্রেনের ড্রোন হামলার ধ্বংসাবশেষ পড়ে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের একটি তেল ডিপোতে আগুন লেগেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রাসনোআর্মেইস্ক জেলার পোলতাভস্কায়া তেল ডিপোতে একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে গড়ানোর সঙ্গে সঙ্গে উভয় পক্ষই একে অপরের ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেন বিশেষভাবে রাশিয়ার জ্বালানি অবকাঠামো এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
কিয়েভের দাবি, এসব হামলার লক্ষ্য হলো রাশিয়ার জ্বালানি খাত থেকে আয় কমিয়ে দেশটির যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করা।
এদিকে একই সময় ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, রাশিয়ার হামলায় দেশটির একটি শিল্প স্থাপনাতেও আগুন লাগে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুই ঘটনার কোনোটিতেই তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতে জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনা ক্রমেই বাড়ছে, যা উভয় দেশের অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর নতুন চাপ তৈরি করছে।
সূত্র: এএফপি