এনআইডি তথ্য, মুঠোফোনের অবস্থান ও কল ডিটেইল রেকর্ডসহ (সিডিআর) বিভিন্ন ব্যক্তিগত তথ্য অর্থের বিনিময়ে সরবরাহের অভিযোগে রাজশাহীতে সেতু হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে রাজশাহী নগরের রাজপাড়া থানার মাহিষবাথান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের সিপিএসসি ও সিপিসি-৩, জয়পুরহাটের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, সেতু হোসেন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ পুলিশের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) সার্ভারে অবৈধভাবে প্রবেশ করতেন। সেখান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে ব্যক্তিগতভাবে ব্যবহার এবং অর্থের বিনিময়ে অন্যদের কাছে সরবরাহ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
র্যাব জানায়, অভিযানে ছয়টি সিপিইউ, চারটি ল্যাপটপ, ১০টি মুঠোফোন এবং ৩১টি সিম কার্ড জব্দ করা হয়েছে। এসব ডিভাইস ও সিম ব্যবহার করে সাইবার অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হতো বলে দাবি করেছে সংস্থাটি।
অভিযানকারী সংস্থাটির ভাষ্য, বিভিন্ন মুঠোফোন সিমের এনআইডি-সংক্রান্ত তথ্য, বিকাশ ও নগদে নিবন্ধনের তথ্য, মুঠোফোনের অবস্থান, কল ডিটেইল রেকর্ড (সিডিআর) এবং এসএমএসের তথ্য সংগ্রহ করা হতো। পরে এসব তথ্য বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেনের কিছু তথ্যও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেতু হোসেন তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে সংস্থাটি।
গ্রেপ্তারের পর সেতু হোসেনকে রাজশাহী নগরের রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।