রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদেও। কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মা।
সম্প্রতি এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়েছে কোম্পানিটি। চিঠিতে বলা হয়েছে, সালমান এফ রহমানকে বাদ দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত নতুন পর্ষদে কোম্পানির উদ্যোক্তাদের মধ্য থেকে তিনজন, চারজন স্বতন্ত্র পরিচালক, আইএফআইসি ব্যাংকের একজন মনোনীত পরিচালক এবং পদাধিকারবলে ব্যবস্থাপনা পরিচালককে রাখার পরিকল্পনা করা হয়েছে।
বেক্সিমকো ফার্মা জানিয়েছে, দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে কোম্পানিটি যে প্রতিকূলতার মুখে পড়েছে, তা বিবেচনায় সালমান এফ রহমান পর্ষদ থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছেন। তার কারণে কোম্পানি ও শেয়ারধারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেই বিবেচনায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
সালমান এফ রহমান ২০২৪ সালের আগস্টে গ্রেপ্তার হন এবং বর্তমানে কারাগারে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বেক্সিমকো ফার্মা ঢাকা ও লন্ডন—দুই বাজারেই তালিকাভুক্ত।