বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আন্দোলন-সংগ্রামে সংগীতের প্রভাব অনেক গভীর এবং কখনো কখনো তা অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে।
সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ইথুন বাবুর লেখা ও সুর করা ‘একজন নেতার কথা বলছি’ গানের মোড়ক উন্মোচন উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) অনুষ্ঠানটির আয়োজন করে।
রিজভী বলেন, ১০০টি গুলি যে প্রভাব তৈরি করতে পারে না, একটি গান কখনো কখনো তার চেয়েও বেশি প্রভাব ফেলতে পারে। জুলাই আন্দোলনে ‘দেশটা কি তোর বাপের নাকি’ গানটি মানুষের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি করেছিল বলেও উল্লেখ করেন তিনি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহের ঐতিহ্য তুলে ধরে রিজভী বলেন, নজরুলের কালজয়ী গানগুলো ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাদের অনুপ্রাণিত করেছে। রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে সংস্কৃতি ও সংগীত মানুষের চেতনা জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগীতশিল্পী, সুরকার ও জাসাস নেতা ইথুন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সংসদ সদস্য শাম্মী আখতার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং জাসাসের আহ্বায়ক হেলাল খান।
এ ছাড়া অনুষ্ঠানে জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালেদ এনাম মুন্না, সংগীতশিল্পী সাজ্জাদ হোসাইন পলাশ, মৌসুমী চৌধুরী ও পরান আহসানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।