২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সোমবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাৎ শেষে সমাবর্তনের সম্ভাব্য সময় নিশ্চিত করেন ইবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বঙ্গভবনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন উপাচার্য। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন আয়োজনের বিষয়ে আলোচনা হয় এবং রাষ্ট্রপতি এতে সম্মতি দেন।
সাক্ষাৎকালে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান জানান, ২০২৭ সালের ১, ২ অথবা ৩ ফেব্রুয়ারির মধ্যে একটি তারিখ চূড়ান্ত করা হবে। রাষ্ট্রপতি যে তারিখ নির্ধারণ করবেন, সেদিনই সমাবর্তন অনুষ্ঠিত হবে।
পঞ্চম সমাবর্তনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের যোগ্য গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হবে। সমাবর্তনকে সামনে রেখে পরবর্তী সময়ে নিবন্ধন, অংশগ্রহণের যোগ্যতা ও অন্যান্য প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।