দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯২২ জন মারা গেছেন। সব মিলিয়ে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২ জনে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে হামের উপসর্গ নিয়ে ৯০৫ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া রাজশাহীতে ৩১ জন, সিলেটে ১৬ জন, চট্টগ্রামে ১৬৬ জন, বরিশালে ৭৮ জন, ময়মনসিংহে ৫৭ জন, খুলনায় ৭৪ জন এবং রংপুরে ২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫১ হাজার ২৪ জন রোগী ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৭৭২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
একই সময়ের হিসাবে, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনে।
এদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী আসা এবং মৃত্যুর ঘটনা এখনো অব্যাহত রয়েছে।