বিদেশে অবস্থান করে একটি মহল কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রোববার পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন।
জাহিদ হোসেন বলেন, দেশের বাইরে থেকে এআই ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নানা ধরনের বিভ্রান্তিকর প্রচার ও উসকানি দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ‘মব কালচার’ তৈরি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস থাকলে দেশের আইন ও আদালতের মুখোমুখি হওয়া উচিত। পালিয়ে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবর্তে আইনি প্রক্রিয়ায় নিজেদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি।
বিগত সরকারের সমালোচনা করে সমাজকল্যাণমন্ত্রী অভিযোগ করেন, মানুষের ওপর গুলি চালানো, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন এবং মেগা প্রকল্পের নামে অনিয়মের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের প্রত্যেকের কর্মকাণ্ডের হিসাব দেশের মাটিতেই দিতে হবে।
তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিরা আইন-আদালতের মুখোমুখি হয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করার সুযোগ পাবেন। দেশের মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি সচেতন এবং বিভিন্ন ধরনের অপপ্রচার সম্পর্কে সতর্ক বলেও মন্তব্য করেন তিনি।
জাহিদ হোসেনের দাবি, বিদেশে অবস্থানরত স্বৈরাচারের সহযোগীরা প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং জনমনে উত্তেজনা তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির সদস্য ইউনুস শেখ, যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।