রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন মামলায় গ্রেপ্তার ২৫ জনকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চায় পুলিশ। তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক রুহুল আমিন আবেদনে বলেন, ঘটনার পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা ও অন্য সহযোগীদের শনাক্ত করার পাশাপাশি পলাতক আসামিদের অবস্থান জানতে তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত ২৪ জনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তবে আরাফাত নামে অপর এক আসামিকে শিশু হিসেবে দাবি করা হলে আদালত তার বয়সসংক্রান্ত কাগজপত্র দাখিলের নির্দেশ দেন। এ বিষয়ে অধিকতর শুনানির জন্য রোববার দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মামলার এজাহার অনুযায়ী, শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১ এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। পুলিশ বলছে, মিছিল ছত্রভঙ্গ করার সময় ককটেল বিস্ফোরণ ঘটে এবং পুলিশের দিকেও ককটেল নিক্ষেপ করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের দাবি, মিছিলের উদ্দেশ্য ছিল সরকারবিরোধী কর্মসূচির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। তবে এসব অভিযোগ মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে।