অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ১১ থেকে ২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ পুলিশ। এসব অভিযানে ৮১টি আগ্নেয়াস্ত্র, ৫১৫ রাউন্ড গুলি ও কার্তুজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র ও সংশ্লিষ্ট ঘটনায় ৮১টি মামলা দায়ের এবং ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিপুল পরিমাণ মাদক উদ্ধার
পুলিশের অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৬ লাখ ৪১ হাজার ৪০০ পিস ইয়াবা, ৩ কেজি ৭৭৩ গ্রাম হেরোইন, ৪ হাজার ৫৭ বোতল ফেনসিডিল, ২ হাজার ৮৪২ বোতল ও ৭৪২ লিটার বিদেশি মদ এবং ৭২০ বোতল ও ৫ হাজার ৩১১ লিটার দেশি মদ।
এ ছাড়া ২ হাজার ১৯০ কেজি ৮৩৪ গ্রাম গাঁজা এবং ৬২ হাজার ৩০৬টি ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ, ঢাকা ও চট্টগ্রামে উল্লেখযোগ্য অভিযান
নারায়ণগঞ্জে পৃথক অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়।
রাজধানী ঢাকায় অভিযানে ৬২ হাজার ৭০০ পিস ইয়াবা, ৯১ গ্রাম হেরোইন ও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসব ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রামে একটি বিদেশি রিভলবার, একটি বিদেশি পিস্তল ও একটি এলজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামে পরিচালিত আরেকটি অভিযানে ৩ লাখ ২৬ হাজার ৩২০ পিস ইয়াবা ও ১৬০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে।
অভিযান অব্যাহত
অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্যের বিস্তার রোধ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ