ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষের কম্পিউটার ব্যবস্থায় সাইবার হামলার ঘটনায় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ কয়েকজন আইনপ্রণেতার ইমেইল অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রযুক্তিবিদরা হামলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দেশটির বার্তা সংস্থা আনসা এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রীর দপ্তর পালাজ্জো চিগির সূত্র জানায়, আক্রান্ত ইমেইল অ্যাকাউন্টটি মেলোনি সরকারি কাজে ব্যবহার করেন না।
পার্লামেন্টের নিম্নকক্ষের সূত্রগুলো বলছে, ঘটনাটিকে আপাতত জরুরি নিরাপত্তা পরিস্থিতি হিসেবে বিবেচনা করা হচ্ছে না। তাদের ভাষ্য অনুযায়ী, এ ধরনের সাইবার হামলা প্রায় প্রতিদিনই ঘটে। জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নেওয়া হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কম্পিউটার সিস্টেমের কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এটি স্বাভাবিক নিরাপত্তা প্রক্রিয়ার অংশ।
তাদের মতে, সাম্প্রতিক সময়ে এ ধরনের হামলার ঘটনা এবং তথ্যপ্রযুক্তি ব্যবস্থার ওপর চাপ বেড়েছে বলে মনে হচ্ছে। শুধু ইতালিই নয়, ইউরোপের অন্যান্য দেশসহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানও একই ধরনের সাইবার হামলার মুখোমুখি হচ্ছে।
সূত্র: আনাদলু এজেন্সি
মন্তব্যসমূহ