প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে দুর্ভাগ্যজনক ও দুঃখজনক বলে জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যাকে সন্তোষজনক নয় বলে উল্লেখ করেছে ঢাকা।
বুধবার রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাসসকে এ বিষয়ে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
তিনি বলেন, দিল্লি বিমানবন্দরের ঘটনার বিষয়ে ভারতীয় পক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা সন্তোষজনক নয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল যে ডা. জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোট আইওআরএর বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
তিনি বলেন, পূর্বেই অবহিত করার পরও দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।
চলতি মাসের শুরুতে আইওআরএর একটি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের। তবে দিল্লি বিমানবন্দরে তাকে যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়া হয়।
এদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশ বিশ্বাস করে, প্রত্যেক রাষ্ট্রের নিজ নিজ ভূখণ্ডে বসবাসরত সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার সমান দায়িত্ব রয়েছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করাও প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সব নাগরিকের অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, দিল্লি বিমানবন্দরের ঘটনাকে ঘিরে ঢাকা-নয়াদিল্লির মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। বাংলাদেশের বক্তব্যে স্পষ্ট, বিষয়টি কূটনৈতিকভাবে আগেই জানানো হলেও ঘটনাটি এড়ানো যায়নি। ফলে এ নিয়ে দুই দেশের মধ্যে আরও আলোচনা হতে পারে।