গ্রাম পুলিশের বেতন ও বিভিন্ন ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম পুলিশের মাসিক বেতন ৩ হাজার টাকা বাড়ানো হয়েছে। পাশাপাশি আনুতোষিক ও যাতায়াত ভাতার পরিমাণও বাড়ানো হয়েছে। এর সঙ্গে প্রথমবারের মতো প্রতি মাসে ১৫০ টাকা মোবাইল ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রাম পুলিশের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অন্যদিকে, গ্রাম পুলিশের বেতন ৮ হাজার টাকা থেকে ৩ হাজার টাকা বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আনুতোষিক ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। গ্রাম পুলিশের এ ভাতা ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। আর গ্রাম পুলিশ প্রধানের আনুতোষিক ভাতা ৮০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া গ্রাম পুলিশ প্রধানের যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে দ্বিগুণ করে ৬০০ টাকা করা হয়েছে। পাশাপাশি এখন থেকে প্রত্যেক গ্রাম পুলিশ মাসে ১৫০ টাকা করে মোবাইল ভাতা পাবেন বলে জানান প্রধানমন্ত্রী।














মন্তব্যসমূহ