গ্যাস, বিদ্যুৎ ও ফার্নেস অয়েলের চলমান সংকট মোকাবিলায় পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকার বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
বুধবার দুপুরে খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের প্রাঙ্গণে স্থাপিত এক মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, টেকসই ও কম খরচে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আগামী পাঁচ বছরের মধ্যে দেশে অন্তত ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করে কাজ করছে সরকার।
তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং দেশের জ্বালানি ব্যবস্থার বাস্তবতায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি হয়ে পড়েছে। এ ক্ষেত্রে সৌরবিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ বিকল্প উৎস হিসেবে কাজ করতে পারে।
ফকির মাহবুব আনাম বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে শুধু বড় প্রকল্পের ওপর নির্ভর না করে ব্যক্তিগত বাড়িঘরের ছাদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং শিল্পকারখানার অব্যবহৃত জায়গাগুলো কাজে লাগাতে হবে।
তিনি বলেন, যেখানে সৌর প্যানেল স্থাপনের সুযোগ রয়েছে, সেখানেই বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করতে হবে। এতে একদিকে বিদ্যুৎ সংকট মোকাবিলা সহজ হবে, অন্যদিকে পরিবেশের ওপর চাপও কমবে।
খুলনায় উদ্বোধন করা রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্টটি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।