রাজধানীর বিমানবন্দর এলাকার সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।