মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট। আদালত জানিয়েছেন, শুধু বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অনুমোদিত বাসগুলোই সড়কে চলাচল করতে পারবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিআরটিএর পক্ষে আইনজীবী মো. রাফিউল ইসলাম জানান, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন মহাসড়কে এসব বাস চলাচলের অনুমতি চেয়ে আবেদন করেছিল। তবে সড়ক পরিবহন আইন অনুযায়ী নির্ধারিত কারিগরি বৈশিষ্ট্য ও রুট পারমিট ছাড়া কোনো যানবাহন চলাচলের সুযোগ নেই।
তিনি বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের কারিগরি স্পেসিফিকেশন নির্ধারণ করা হয়েছে। এসব নিয়ম লঙ্ঘন করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
বিআরটিএর আইনজীবী আরও বলেন, আইন অনুযায়ী রুট পারমিট ছাড়া কোনো গাড়ি সড়কে চলাচল করতে পারে না।
আদালত জানিয়েছে, বিআরটিএ যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, শুধু সেগুলোই রাস্তায় চলবে। স্লিপার বাস চালানোর জন্য বর্তমানে কোনো অনুমতি নেই এবং হাইকোর্টও এ বিষয়ে নতুন কোনো অনুমোদন দেয়নি।