কুয়েত ও বাহরাইনের বন্দরে নোঙর করে থাকা তেলবাহী জাহাজগুলোতে প্রতিশোধমূলক হামলার হুমকি দিয়েছে ইরানের নৌবাহিনী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।
ইরানের কয়েকটি তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা জবাব হিসেবে এ হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানি নৌবাহিনী।
কুয়েত ও বাহরাইনের বন্দরে থাকা তেলবাহী জাহাজগুলোর নাবিক ও কর্মীদের অবিলম্বে জাহাজ ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, এসব জাহাজ ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
ইরানের অভিযোগ, কুয়েত ও বাহরাইন তাদের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি ও সেনা উপস্থিতির সুযোগ দিয়েছে এবং ইরানি জাহাজে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে।
এর আগে মঙ্গলবার ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানায়, পারস্য উপসাগরে খার্গ দ্বীপের কাছে একটি ছোট ইরানি তেলবাহী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হামলার পর জাহাজটির নাবিক ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়। এতে কেউ হতাহত হয়নি বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া ইরানের দক্ষিণাঞ্চলীয় জাস্ক উপকূলের কাছেও দ্বিতীয় একটি তেলবাহী জাহাজে মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে আইআরআইবি।
হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যেই এসব ঘটনা ঘটছে। নতুন করে কুয়েত ও বাহরাইনের বন্দরে থাকা তেলবাহী জাহাজগুলোকে হামলার হুমকি দেওয়ায় উপসাগরীয় অঞ্চলের জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্য নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।