দেশে মোট ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ ৫১ হাজার ২৩২টি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানের ভিত্তিতে জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।
অর্থমন্ত্রী জানান, মোট হিসাবের মধ্যে সঞ্চয়ী হিসাব রয়েছে ১৭ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৪৬৫টি। আর ঋণ হিসাবের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ৭৬৭টি।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৪তম দিনে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদের লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী।
সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ জানতে চান, সারা দেশে কত মানুষের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার কোনো পরিকল্পনা আছে কি না। থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে।
লিখিত জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০২৬ সালের মধ্যে শতভাগ প্রাপ্তবয়স্ক নাগরিককে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে সরকার জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল বা এনএফআইএস প্রণয়ন করেছে।
তিনি জানান, বর্তমানে দেশে আর্থিক অন্তর্ভুক্তির হার ৬৪ দশমিক ৫০ শতাংশ। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বীমা, শেয়ারবাজার, ক্ষুদ্রঋণ সংস্থা এবং অনুমোদিত অন্যান্য আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের হিসাব এ পরিসংখ্যানে অন্তর্ভুক্ত।
অর্থমন্ত্রী আরও বলেন, এনএফআইএসের বাস্তবায়ন মেয়াদ জুন ২০২৬-এ শেষ হবে। এ কারণে আর্থিক সেবাসংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও প্রয়োজন বিবেচনায় নিয়ে আর্থিক অন্তর্ভুক্তির হার শতভাগে উন্নীত করার লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ের কৌশল প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই দ্বিতীয় পর্যায়ের কৌশল জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল-২ বা এনএফআইএস-২ নামে পরিচিত হবে। এটি জুন ২০২৬ থেকে জুলাই ২০৩১ সময়কালের জন্য প্রণয়নের পরিকল্পনা রয়েছে।
জাতীয় সংসদের বৈঠক বুধবার বিকেল ৩টায় শুরু হয়। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।