প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন। তার আগমন ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। একই সঙ্গে ফেনীবাসীর দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও প্রত্যাশাও সামনে এসেছে।
স্থানীয় বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের কাছে সবচেয়ে বড় প্রত্যাশা বন্যা ও নদীভাঙনের স্থায়ী সমাধান। পাশাপাশি ফেনীতে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, লালপুলে আন্ডারপাস নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের দাবিও গুরুত্ব পাচ্ছে।
সফরকালে মুহুরী-কহুয়া ও সিলোনিয়া নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
স্থানীয় নেতাদের মতে, প্রতিবছর বন্যা ও নদীভাঙনে ফেনীর মানুষ ক্ষতিগ্রস্ত হন। বিশেষ করে ২০২৪ সালের ভয়াবহ বন্যার পর স্থায়ী সমাধানের দাবি আরও জোরালো হয়েছে।
ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, বন্যার সমাধানের পাশাপাশি ফেনীতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।
জেলা বিএনপির নেতারা জানান, ফেনীতে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, ডিজিটাল তথ্যকেন্দ্র স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দাবি রয়েছে। পাশাপাশি ফুলগাজীকে পৌরসভায় উন্নীত করা এবং খালেদা জিয়া কলেজ সরকারিকরণের বিষয়টিও আলোচনায় আসবে বলে তারা আশা করছেন।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, মুহুরী-কহুয়া নদীর বাঁধ নির্মাণ, নদী খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ছাড়া বন্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এ ছাড়া লালপুলে আন্ডারপাস নির্মাণও দীর্ঘদিনের দাবি।
প্রধানমন্ত্রীর সফর সফল করতে দলীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তাদের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে ফেনীর উন্নয়নে নতুন উদ্যোগের সূচনা হবে।