হরমুজ প্রণালিতে দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম আইআরজিসির বরাতে এ তথ্য জানায়।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের হামলায় পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার পর এর জবাবে হরমুজ প্রণালিতে পাল্টা অভিযান চালানো হয়েছে।
ইরানের বাহিনী আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় হরমুজের একটি ‘নিষিদ্ধ ও অনিরাপদ এলাকায়’ প্রবেশের চেষ্টা করা ১০টি ‘নিয়ম লঙ্ঘনকারী জাহাজ’কেও লক্ষ্য করা হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালি এখনো তাদের ‘শক্তিশালী নজরদারি ও ব্যবস্থাপনার’ আওতায় রয়েছে। তবে এসব হামলার দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইরানি বাহিনীর হামলার জবাবে তারা কয়েকটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। এ ঘটনায় হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক উত্তেজনা আরও বেড়েছে এবং গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল কমে গেছে।