ফুটবল মাঠে আবারও জাদু দেখানোর অপেক্ষায় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো গাউচো। পেশাদার ফুটবল থেকে অবসরের প্রায় এক যুগ পর ইতালির তৃতীয় বিভাগের ক্লাব র্যাভেনার হয়ে মাঠে নামতে যাচ্ছেন ৪৬ বছর বয়সী এই সাবেক তারকা। আগামী ১৫ নভেম্বর ফরলি এফসির বিপক্ষে বহুল আলোচিত ডার্বি ম্যাচে দেখা যেতে পারে ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে।
শুক্রবার নতুন ক্লাবের জার্সিতে মাঠে নামার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রোনালদিনহো। গত জুনে র্যাভেনার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার খবর দিয়ে ফুটবলবিশ্বকে চমকে দিয়েছিলেন ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এর আগে ২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ফুটবল খেলেছিলেন তিনি।
রোনালদিনহোর প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে ইতালির সিরি-সি’র ক্লাব র্যাভেনা। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘এটি এমন এক আয়োজন, যা পুরো বিশ্বের নজর স্তাদিও ব্রুনো বেনেত্তির দিকে ঘুরিয়ে দেবে। অনেকে হয়তো বিষয়টিকে অবিশ্বাস্য ভেবেছিলেন, তবে আমরা আনুষ্ঠানিকভাবেই ফুটবলের এক রোমাঞ্চকর প্রত্যাবর্তনের নিশ্চিত বার্তা দিচ্ছি। আবার ফিরছে সেই জাদু, সেই চেনা হাসি এবং নিখাদ এক প্রতিভা।’
ইতালির এমিলিয়া-রোমাগনা অঞ্চলে অবস্থিত র্যাভেনার স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা মাত্র ১২ হাজার। এত দিন আন্তর্জাতিক ফুটবলে তেমন পরিচিতি না থাকলেও রোনালদিনহোর যোগদানের খবরে রাতারাতি বিশ্ব গণমাধ্যমের নজরে এসেছে ক্লাবটি।
২০২৪ সালে ক্লাবটি কিনে নেন শিল্পপতি ইগ্নাজিও চিপ্রিয়ানি। রোনালদিনহোকে নিজের শৈশবের আইকন হিসেবে মানেন তিনি। ব্রাজিলিয়ান তারকার আগমন র্যাভেনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে বিশ্বাস চিপ্রিয়ানির।
বার্সেলোনা, এসি মিলান ও পিএসজির সাবেক এই তারকা জানিয়েছেন, পুরোনো সম্পর্ক ও বন্ধুত্বের সূত্র ধরেই র্যাভেনায় যোগ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, ‘চিপ্রিয়ানি পরিবার এবং বন্ধুদের সঙ্গে বহু বছরের সম্পর্কের সূত্র ধরেই এই সুযোগটি এসেছে।
‘আমি রোমাঞ্চ অনুভব করছি এবং আশা করি র্যাভেনার সঙ্গে আমাদের নতুন এই যাত্রা সফল হবে।’
মন্তব্যসমূহ