খেলোয়াড় হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচটি আইপিএল শিরোপা জেতার পর এবার দলটির প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার কাইরন পোলার্ড। ২০২৭ সালের আইপিএল মৌসুমে মাহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত হবেন দীর্ঘদিনের এই ক্যারিবীয় তারকা।
মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে পোলার্ডের সম্পর্ক ১৬ বছরের। খেলোয়াড় হিসেবে দলটির হয়ে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালের আইপিএল শিরোপাজয়ী দলের অংশ ছিলেন তিনি। এবার ফ্র্যাঞ্চাইজিটির কোচিং বিভাগের সর্বোচ্চ দায়িত্ব পেয়ে সেই সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছেন পোলার্ড।
আইপিএলে মুম্বাইয়ের জার্সিতে ১৮৯ ম্যাচ খেলে ১৪৭.৩২ স্ট্রাইক রেটে ৩ হাজার ৪১২ রান করেছেন এই অলরাউন্ডার। বল হাতে নিয়েছেন ৬৯ উইকেট।
২০২২ সালে সর্বশেষ খেলোয়াড় হিসেবে আইপিএলে অংশ নেন পোলার্ড। এরপর ২০২৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। টানা চার মৌসুম এই পদে কাজ করার পর এবার প্রধান কোচ হিসেবে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন ক্যারিবীয় তারকা।
নতুন দায়িত্ব পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন পোলার্ড। তিনি বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব পাওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। মুম্বাই আমার জীবন ও ক্যারিয়ারের একটি বিশাল অংশ। এই দল, খেলোয়াড়েরা এবং পল্টনের সঙ্গে আমার যে বন্ধন, তা আমার কাছে অনেক মূল্যবান। খেলোয়াড় ও পরে কোচ হিসেবে এই যাত্রার অভিজ্ঞতা থেকে আমি জানি, মুম্বাই ইন্ডিয়ান্স কীসের প্রতিনিধিত্ব করে এবং দলের নীল ও সোনালি জার্সি গায়ে জড়ানোর সঙ্গে কী ধরনের দায়িত্ব জড়িয়ে আছে।’
দলের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি নতুন প্রতিভাদের এগিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর। পোলার্ড বলেন, ‘খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে, দলের ঐতিহ্যকে এগিয়ে নিতে, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সহায়তা করতে এবং পল্টনকে উদযাপনের আরও অনেক উপলক্ষ এনে দিতে আমি মুখিয়ে আছি।’
পোলার্ডের পদোন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানি। তিনি বলেন, ‘মাত্র ২২ বছর বয়সে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিল পোলার্ড। গত ১৬ বছরে সে আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। খেলোয়াড় হিসেবে সে আমাদের অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। আর কোচ হিসেবে ভাগাভাগি করে চলেছে নিজের অভিজ্ঞতা, আবেগ এবং খেলা সম্পর্কে গভীর জ্ঞান।’
খেলোয়াড় হিসেবে মুম্বাইয়ের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর এবার কোচ হিসেবে দলটির ঐতিহ্য ধরে রাখা এবং নতুন খেলোয়াড়দের বিকাশে ভূমিকা রাখাই হবে পোলার্ডের সামনে বড় দায়িত্ব।
মন্তব্যসমূহ