ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছে আরব লীগ। একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে জোরপূর্বক উচ্ছেদ বা বাস্তুচ্যুত করার যেকোনো উদ্যোগের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়েছে সংগঠনটি।
সোমবার (৭ জুলাই) মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে গৃহীত প্রস্তাবে এসব অবস্থান তুলে ধরা হয়।
প্রস্তাবে জাতিসংঘ, নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে ফিলিস্তিনিদের সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ইসরায়েলি হামলা ও দখলদারদের সহিংসতা থেকে বেসামরিক ফিলিস্তিনিদের রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আরব লীগ।
বৈঠকে ২০২৫ সালের শার্ম আল-শেখ শান্তি সম্মেলনে স্বাক্ষরিত গাজা যুদ্ধবিরতি চুক্তির সব ধাপ বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়। যুদ্ধবিরতির পাশাপাশি গাজায় ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ এবং ধ্বংসপ্রাপ্ত অঞ্চলটির পুনর্গঠন দ্রুত শুরু করার দাবি জানানো হয়েছে।
ফিলিস্তিনের পুনর্গঠন ও পুনরুদ্ধারে আরব-ইসলামিক পরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনি সহযোগিতা বাড়ানোর আহ্বানও এসেছে বৈঠক থেকে। এ জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে কায়রোতে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগকে সমর্থন করেছে আরব লীগ।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জনসংখ্যাগত কাঠামো পরিবর্তনের যেকোনো প্রচেষ্টারও বিরোধিতা করেছে জোটটি। বিশেষ করে ‘স্বেচ্ছায় অভিবাসন’ বা অন্য কোনো উপায়ে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার উদ্যোগকে গুরুতর আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।
বৈঠকে গাজায় ইসরায়েলি হামলা, অবরোধ, অনাহার, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তীব্র নিন্দা জানানো হয়। আরব লীগের পক্ষ থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং তাদের নিজ ভূখণ্ডে থাকার অধিকার নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি