জাতীয় নির্বাচনে জনগণের দেওয়া ভোট ছিনিয়ে নেওয়া হয়েছিল উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জনগণ আমাদের ভোট দিয়েছিল, কিন্তু তা ছিনিয়ে নেওয়া হয়েছে। জনগণ যখন আমাদের বলে—ভোট আপনাদের দিয়েছিলাম, কিন্তু আপনারা তা রক্ষা করতে পারলেন না, তখন আমাদের অকপটে স্বীকার করতে হয় যে আমাদের দুর্বলতা ছিল।”
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, মানুষের এমন অকুণ্ঠ ভালোবাসা মহান আল্লাহর বিশেষ নিয়ামত। অতীতের জাতীয় নির্বাচনে যেসব ভুলত্রুটি ও কাঠামোগত দুর্বলতা ছিল, তা ইতোমধ্যে চিহ্নিত ও পর্যালোচনা করা হয়েছে। ভবিষ্যতে যেন একই ধরনের ভুলের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ওই অভ্যুত্থানে দেশের খেটে খাওয়া ও মেহনতি মানুষের ভূমিকা ছিল অনন্য। রাজপথে অংশ নেওয়া মানুষের শতকরা ৭০ ভাগই ছিলেন দিনমজুর ও সাধারণ শ্রমজীবী। আল্লাহ প্রদত্ত নিয়ামত ও সম্পদের কৃতজ্ঞতা আদায় করে পরকালের জান্নাত নিশ্চিত করাই একজন বিশ্বাসীর মূল লক্ষ্য হওয়া উচিত বলে তিনি রুকনদের নসিহত করেন।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, “আমরা আর কোনো অন্যায় বা কারচুপি বসে বসে তামাশার মতো দেখব না। আমরা নিয়মতান্ত্রিক ও সংগতভাবেই প্রতিবাদ জানাব এবং যেখানে আমাদের সাংগঠনিক সামর্থ্য থাকবে, সেখানেই তীব্র প্রতিরোধ গড়ে তুলব। কোনো চোরকে আর কোনো ছাড় দেওয়া হবে না।” সিটি নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের আল্লাহর দেওয়া জ্ঞানে সমৃদ্ধ উল্লেখ করে তিনি নেতাকর্মীদের দিনরাত একাকার করে নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়ার এবং ভোটারদের সঙ্গে নিয়ে যেকোনো দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ প্রাচীর গড়ে তোলার আহ্বান জানান।
মন্তব্যসমূহ