ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস ও একটি অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহতদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী রয়েছেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী ‘কিংফিশার পরিবহন’-এর একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা তিনজন যাত্রী প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার কাজ চলছে। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্যসমূহ