দেশে সাক্ষরতার হার গত তিন বছর ধরে ৭৭ দশমিক ৯ শতাংশে স্থির রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে সাক্ষরতার হার বেড়েছে মাত্র ২ দশমিক ৩ শতাংশ। ফলে এখনো দেশের প্রায় ২২ শতাংশ মানুষ পড়তে ও লিখতে সক্ষম নন, যাদের সংখ্যা প্রায় চার কোটি।
এ অবস্থায় দেশে শতভাগ সাক্ষরতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, যারা এখনো শিক্ষার সুযোগের বাইরে রয়েছেন, তাদের সাক্ষরতার আওতায় আনতে সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। একই সঙ্গে শিশুদের বিদ্যালয়মুখী করতে মিড-ডে মিল, স্কুল ড্রেসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে আরও সুযোগ-সুবিধা যুক্ত করা হবে। পাশাপাশি নৈতিকতা ও কর্মদক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার বাইরে থাকা শিশু ও শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে সরকারি উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।