বাহরাইনের পার্লামেন্টে মহানবী হজরত মুহাম্মদ (সা.), তাঁর পবিত্র পরিবার, উম্মাহাতুল মুমিনিন ও সাহাবায়ে কেরামের অবমাননার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান যুক্ত করে একটি আইনি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। প্রস্তাবটি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।
দেশটির ১৯৭৬ সালের দণ্ডবিধিতে নতুন ধারা Article 310 bis 1 সংযোজনের লক্ষ্যে পাঁচজন সংসদ সদস্য (এমপি) বিলটি উত্থাপন করেন।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি প্রকাশ্যে লিখিত বক্তব্য, ছবি, ইশারা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কনটেন্ট বা অন্য কোনো মাধ্যমে নবী-রাসূল, আহলে বাইত, উম্মাহাতুল মুমিনিন ও সাহাবায়ে কেরামের প্রতি অবমাননা, উপহাস কিংবা অসম্মানজনক আচরণ করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
প্রস্তাব অনুযায়ী, প্রথমবার এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার বাহরাইনি দিনার জরিমানার বিধান রাখা হয়েছে।
একই অপরাধ দ্বিতীয়বার বা বারবার করলে শাস্তি দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। সেক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, ৪০ হাজার বাহরাইনি দিনার জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
বাহরাইনের পার্লামেন্টের পাবলিক ইউটিলিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল বুলোশিসহ পাঁচজন সংসদ সদস্য এই সংশোধনী প্রস্তাব উত্থাপন করেছেন।
প্রস্তাবকারীদের মতে, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয়ভাবে পবিত্র ব্যক্তিত্বদের সম্মান ও মর্যাদা সুরক্ষিত করার লক্ষ্যেই দণ্ডবিধিতে এই নতুন বিধান যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।