রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অর্থমন্ত্রী জানান, ২০২৬ সালের ৩০ জুনের হিসাব অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ এই পর্যায়ে রয়েছে। এসব ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে।
সংসদে দেওয়া তথ্যে বলা হয়, জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা। এরপর অগ্রণী ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা।
এ ছাড়া রূপালী ব্যাংকের খেলাপি ঋণ ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকা, সোনালী ব্যাংকের ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকা, বেসিক ব্যাংকের ৮ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের খেলাপি ঋণ ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা।
অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকগুলোর বর্তমান খেলাপি ঋণের চিত্র সংসদে তুলে ধরা হয়েছে। ব্যাংকভিত্তিক এই হিসাব ৩০ জুন ২০২৬ পর্যন্ত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
সংসদ সদস্যের প্রশ্নের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি ও খেলাপি ঋণের পরিমাণ সম্পর্কে এ তথ্য দেন।