জনস্বার্থসংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে একটি নির্দিষ্ট অর্থায়ন উৎসের ওপর নির্ভরশীল না থেকে বিকল্প ও বহুমুখী উৎস খোঁজার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে চট্টগ্রাম শহরে পানি সরবরাহে নতুন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেল চালুর লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসা, ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, নাগরিকদের সেবা বাড়াতে নেওয়া বিভিন্ন প্রকল্পের অর্থায়নে নতুন অর্থনৈতিক মডেল অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি এসব প্রকল্পের যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের আলাদাভাবে সম্পৃক্ত করা হচ্ছে।
চট্টগ্রামের নদী ও খালগুলোকে পণ্য পরিবহনের কাজে ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এ জন্য নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে নগরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি নিশ্চিত করতেও পিপিপি ব্যবস্থাকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের ক্ষেত্রেও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।
নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক ও কারিগরি সহযোগিতায় নেওয়া পাইলট প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরীর ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পানির চাহিদা নিরূপণ, সম্ভাব্য মডেল অনুসন্ধান ও তা পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে নগরের অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এবং বাণিজ্য ও উন্নয়ন বিভাগের প্রধান ইয়ানা ভ্যান ডার লিন্ডেনসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। পরে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
মন্তব্যসমূহ