ফৌজদারি অপরাধের অভিযোগ থাকলে শুধু পদত্যাগের মাধ্যমে দায় এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, এর মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর খামারবাড়িতে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আসিফ মাহমুদ।
ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘ইশরাকের পদত্যাগ এক্সিট কিনা, সেটিই প্রশ্ন। সরকারের স্বচ্ছতা স্পষ্ট নয়। ফৌজদারি অপরাধ হলে পদত্যাগ যথেষ্ট নয়।’
তিনি আরও বলেন, ‘আইনের শাসন দেখতে চাই। পদত্যাগ করিয়ে আইওয়াশ দেখতে চাই না।’ পদত্যাগের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
এ প্রসঙ্গে রাড্ডার একটি ঘটনার কথা উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, সেখানেও একজনকে পদত্যাগ করিয়ে পুরো ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।
ইশরাক হোসেন আসন্ন মেয়র নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে পদত্যাগ করেছেন কি না, সেই প্রশ্নও তুলেছেন এনসিপির মুখপাত্র। তাঁর মতে, অস্ত্র হাতে এ ধরনের বীরত্ব প্রদর্শনের ঘটনা সন্ত্রাসীদেরও একই ধরনের কর্মকাণ্ডে উৎসাহিত করতে পারে।
এদিকে পূজামণ্ডপের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে আসিফ মাহমুদ মন্দিরের জন্য নির্দিষ্ট নিরাপত্তা জোন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। এখন পর্যন্ত খারাপ কোনো পরিস্থিতি তৈরি হয়নি জানিয়ে তিনি উৎসবের বাকি সময়েও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।
মন্তব্যসমূহ