মানুষ হত্যা ও গুমের অভিযোগ তুলে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের আর বাংলাদেশে ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে সাভারের পঞ্চবটি আশ্রম ও ধামরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আওয়ামী লীগের সমালোচনা করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “আওয়ামী লীগ হত্যাকারী দল। তারা দেশের মানুষকে হত্যা করে বিদেশে পালিয়ে গেছে। তাদের আর কোনো দিন দেশে ফিরে আসার সুযোগ হবে না।”
দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা প্রসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য চিকিৎসক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
মন্তব্যসমূহ