নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত জেলার সাতটি থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের দাবি, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ব্যানারে অনুষ্ঠিত ঝটিকা মিছিলের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নারায়ণগঞ্জের প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ অন্তত ১০টি স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এর মধ্যে সাইনবোর্ড এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়, ফতুল্লা, শহরের সৈয়দপুর, সোনারগাঁ এবং কাঁচপুরসহ বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
এ ছাড়া পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদেরও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিতে দেখা গেছে।
অন্যদিকে মঙ্গলবার সকাল থেকে শহরের দুই নম্বর রেলগেট এলাকায় অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনেও সংগঠনটির কোনো নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি।