যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানের আকাবা উপসাগরীয় উপকূলে মার্কিন মেরিন সেনাদের একটি ঘাঁটি লক্ষ্য করে ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এই হামলা পরিচালনা করেছে। ইরানি বাহিনীর দাবি, এটি ‘আগ্রাসী শক্তিকে শাস্তি দেওয়ার’ চলমান অভিযানের দ্বিতীয় ধাপ।
আইআরজিসি জানিয়েছে, জর্ডানের আকাবা উপকূলে অবস্থিত মার্কিন মেরিন ঘাঁটি ক্যাম্প তিবতিন লক্ষ্য করে ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
ইরানি বাহিনীর দাবি, হামলায় বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে ঘাঁটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সামরিক হেলিকপ্টার ধ্বংস হয়েছে।
আইআরজিসি বলেছে, দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের সিরিক এলাকায় একটি বাড়িতে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে এই পাল্টা অভিযান চালানো হয়েছে। ইরানের দাবি, ওই বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল এবং হামলায় শিশুসহ বহু মানুষ হতাহত হয়েছেন।
ইরানি বাহিনী আরও দাবি করেছে, মিনাবের একটি স্কুল ও লামার্দের একটি ক্রীড়া হলে চালানো হামলার ঘটনারও প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে দাবি করেছে, ইরানের সঙ্গে সরাসরি মোকাবিলার সক্ষমতা ওয়াশিংটনের নেই। একই সঙ্গে তাদের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
তবে ইরানের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে এ হামলা বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: মেহের নিউজ এজেন্সি
মন্তব্যসমূহ