দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাসী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেছেন, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা পর্দার আড়ালে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। কোনো সুপ্ত বা গুপ্ত সংগঠন যেন ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত কর্মসূচি ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়ন ব্যর্থ হলে শুধু বিএনপি নয়, বাংলাদেশ রাষ্ট্র হিসেবেও ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশকে সফল করতে এবং জুলাই আন্দোলন ও দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীদের আত্মত্যাগের মূল্য দিতে বর্তমান সরকারকে সফল করতে হবে।
তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে যদি ফ্যাসিস্টদের ভাষায় কথা বলা হয়, অন্যদের তুচ্ছতাচ্ছিল্য করা হয় এবং বড়দের অসম্মান করা হয়, তাহলে সেটি কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। এই সংস্কৃতি বাংলাদেশের মানুষের সংস্কৃতি নয় এবং বিএনপিও এমন রাজনীতি ধারণ করে না।
বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দলটির ভিত্তি তৈরি করেছিলেন, সেটি আজ বড় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের উদ্যোগ ও বেগম খালেদা জিয়ার ভূমিকা মানুষ দীর্ঘদিন স্মরণ করবে।
যশোরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গত ছয় মাসে প্রধানমন্ত্রী যশোরবাসীর জন্য যে উদ্যোগ নিয়েছেন, তা দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার দিতে পারেনি। বিএনপি ভবিষ্যতেও যশোরের মানুষের উন্নয়ন চাহিদা পূরণে কাজ করবে।
সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন।
সমাবেশ শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে একটি র্যালি বের হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মন্তব্যসমূহ