ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে বিয়ের অনুষ্ঠান চলার সময় একটি বাড়িতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, বুধবার ভোরে কুহেস্তাক শহরের একটি বাড়িতে এই হামলা চালানো হয়।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পরে সিরিক কাউন্টির গভর্নর রেজা শহিদিয়ান রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে জানান, হামলায় আরও ৬৩ জন আহত হয়েছেন।
তার দাবি অনুযায়ী, আহতদের মধ্যে ৫০ জন নারী ও শিশু। আহত সবাইকে কাছের মিনাব শহরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
ইরান সরকারের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, যে স্থানে বিয়ের অনুষ্ঠান চলছিল সেখানে ধ্বংসস্তূপ পড়ে রয়েছে।
আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি হামলা থেকে বেঁচে যাওয়া এক শিশুর বক্তব্য প্রকাশ করেছে। শিশুটি জানায়, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই সে যুদ্ধবিমান উড়তে দেখেছিল।
শিশুটির ভাষ্য অনুযায়ী, সেখানে পৌঁছানোর পরপরই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় ইট, পাথর ও সিমেন্টের টুকরা তার মুখ ও মাথায় আঘাত করে। সে দাবি করে, আহতদের বেশিরভাগই সাধারণ বেসামরিক মানুষ ছিলেন।
তবে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। নিহত ও আহতের সংখ্যা এবং হামলার দায় সম্পর্কিত দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: প্রেস টিভি
মন্তব্যসমূহ