হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনই সিলেট বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে ১ হাজার ১১০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ৭০ জন।
শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ৮৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা মিলিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৯৬০ জনে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত ৭০ জনকে নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৭৯৬ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১১০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত বা সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে উপসর্গ ও মৃত্যুর সংখ্যা বেশি হওয়ায় পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপরও চাপ অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ