জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ কুখ্যাত চরিত্র ‘গাস ফ্রিং’-এর অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া হলিউড অভিনেতা জিয়ানকার্লো এস্পোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।
সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বর্তমানে সৌদি আরবে একটি বড় বাজেটের সিনেমার শুটিং করতে গিয়ে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন এই অভিনেতা।
তুর্কি আল-শেখ জানান, সৌদি আরবে অবস্থানকালে স্থানীয় সংস্কৃতি ও মুসলিম সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটানোর পর ইসলামের প্রতি আকৃষ্ট হন এস্পোসিতো। পরে তিনি ইসলামের মূল বিশ্বাসের ঘোষণা ‘শাহাদা’ (কালেমা) পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন।
ইসলাম গ্রহণের পর শুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে একটি মসজিদে গিয়ে নামাজেও অংশ নেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৬৬ বছর বয়সী এই অভিনেতা সহকর্মীদের সঙ্গে বিনয়ের সঙ্গে কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন।
ভিডিওটি প্রকাশের পর বিশ্বজুড়ে তার ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
তুর্কি আল-শেখের ভাষ্য অনুযায়ী, সৌদি আরবের আতিথেয়তা, ভ্রাতৃত্ববোধ এবং স্থানীয় মানুষের সঙ্গে ইতিবাচক অভিজ্ঞতা এস্পোসিতোর এই ব্যক্তিগত ও আধ্যাত্মিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শুটিং সেটের সৌহার্দ্যপূর্ণ পরিবেশও তাকে গভীরভাবে প্রভাবিত করে।
তবে এ বিষয়ে জিয়ানকার্লো এস্পোসিতো নিজে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা মন্তব্য প্রকাশ করেননি। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনগুলো মূলত তুর্কি আল-শেখের প্রকাশিত তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ভিত্তিতেই তৈরি হয়েছে।
প্রসঙ্গত, জিয়ানকার্লো এস্পোসিতো ‘ব্রেকিং ব্যাড’ এবং এর প্রিক্যুয়েল ‘বেটার কল সল’-এ গাস ফ্রিং চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। এছাড়া ‘দ্য ম্যান্ডালোরিয়ান’, ‘দ্য বয়েজ’সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্র ও সিরিজে অভিনয় করে তিনি বৈশ্বিক খ্যাতি অর্জন করেছেন।
বর্তমানে তিনি সৌদি আরবের উচ্চাভিলাষী চলচ্চিত্র প্রকল্প ‘৭ ডগস’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এই সিনেমার কাজ চলাকালীনই তার জীবনের নতুন এই অধ্যায়ের সূচনা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: দ্য ডেইলি স্টার