বাংলাদেশ সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে কোর অব মিলিটারি পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাভারের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত কোর অব মিলিটারি পুলিশের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সম্মেলনে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোর অব মিলিটারি পুলিশ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। দেশসেবায় কোরটির ঐতিহ্য ও অবদানের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
সম্মেলনে কোর অব মিলিটারি পুলিশের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান। দায়িত্ব পালনে আরও দক্ষতা ও পেশাদারত্ব অর্জনের ওপরও গুরুত্ব দেন তিনি।
একই দিনে সাভারের রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম ডিপোতে আরভিঅ্যান্ডএফ কোরের চতুর্থ বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। সেখানেও প্রধান অতিথি ছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
আরভিঅ্যান্ডএফ কোরের সম্মেলনে সেনাপ্রধান সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কোরটির ভূমিকার কথা তুলে ধরেন। তিনি প্রযুক্তির ব্যবহার, গবেষণা, পেশাগত দক্ষতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
বিশেষ করে কোরের অধীন ফার্মগুলোর উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেন সেনাপ্রধান। আধুনিক প্রযুক্তি ও গবেষণাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়ানো এবং সেনাবাহিনীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় আরও কার্যকর ভূমিকা রাখার বিষয়ে তিনি দিকনির্দেশনা দেন।
দুই সম্মেলনে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট কোরের কর্নেল কমান্ড্যান্ট, অধিনায়ক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ