ফ্রান্সের প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের জন্য পাঠানো একটি চালান উড়োজাহাজে তুলতে বাধা দিয়েছেন বিমানবন্দরের কার্গো খাতের কর্মীরা।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে। চালানটি প্যারিস থেকে ইসরায়েলে পাঠানোর কথা ছিল এবং এতে এলবিট সিস্টেমসের উৎপাদন বিভাগের জন্য নির্ধারিত কিছু সামগ্রী ছিল।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) চালানটি এয়ার ফ্রান্সের একটি ফ্লাইটে করে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে পাঠানোর কথা ছিল। তবে ফ্রান্সের কয়েকটি শ্রমিক সংগঠনের কর্মীরা সেটি উড়োজাহাজে তুলতে বাধা দেন।
ফরাসি বিমান পরিবহন খাতের তিনটি প্রধান শ্রমিক সংগঠন জানিয়েছে, ইসরায়েলি বিমান সংস্থা এল আলের নির্ধারিত ফ্লাইটেও চালানটি তোলা ঠেকানোর চেষ্টা তারা চালিয়ে যাবে। চালানটি এলবিট সিস্টেমসের কাছে পৌঁছানো ঠেকাতে ফিলিস্তিনপন্থী কয়েকটি সংগঠনের সঙ্গেও তারা কাজ করছে।
শ্রমিক সংগঠনগুলো এই বিলম্বকে নিজেদের জন্য সাফল্য হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে ফরাসি সরকার ও বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে চালানটি আনুষ্ঠানিকভাবে আটকে দেওয়ার দাবি জানিয়েছে তারা।
এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো বলেছে, কোনো বিমান সংস্থার নাম পরিবর্তন হলেও ফ্রান্সের আন্তর্জাতিক দায়িত্ব ও বাধ্যবাধকতা পরিবর্তিত হয় না। তাই চালানটি কোনো বিমান সংস্থার মাধ্যমেই ইসরায়েলে পাঠানো না হয়, সে দাবি জানিয়েছে তারা।
তবে এয়ার ফ্রান্স জানিয়েছে, ওই চালান তাদের কোনো উড়োজাহাজে পরিবহন করা হয়নি। ফরাসি সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে বিমান সংস্থাটি আরও জানিয়েছে, ইসরায়েলগামী তাদের ফ্লাইটে অস্ত্র বা গোলাবারুদ পরিবহন করা হয় না।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক ও শ্রমিক পর্যায়ে বিতর্ক অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ