ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে প্রশ্ন করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। গত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সফল হয়েছেন কি না, তা জানতে চান তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বিষয়টি উত্থাপন করেন।
এ সময় তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা বন্ধ করে দেওয়া হয়েছে। নৌকাবাইচও বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াকে একটি সাংস্কৃতিক জেলা হিসেবে উল্লেখ করেছেন।’
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘সেই জেলায় গান-বাজনা, সিনেমা নাকি বন্ধের মতোই। এই ছয় মাসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছেন কি না? এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করতে তিনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছেন কি না? নাকি তিনি ব্যর্থ হয়েছেন?’
হাসনাতের সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা—বুঝতে পারিনি।’
এরপর তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছেন কি না, এটা একটা প্রশ্ন। তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনেমা হল কেন নেই, সেটা আরেকটা প্রশ্ন।’
হাসনাত আবদুল্লাহর বক্তব্যে উল্লেখ করা হত্যা ও আহতের পরিসংখ্যান নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘কত হত্যা হয়েছে, জখম হয়েছে ইত্যাদি যে ডাটা দিলেন, সেই ডাটাটা কীসের ভিত্তিতে দিলেন, কী পরিসংখ্যানের ভিত্তিতে দিলেন—সেই স্ট্যাটিস্টিক্সটা আমি জানি না।’
সালাহউদ্দিন আহমদের দাবি, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সেটি দৃশ্যমান। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত বিভিন্ন অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এর আগের দিনও তিনি দাবি করেছিলেন, গত ছয় মাসে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের তৎপরতা বেড়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনও নির্দিষ্ট ঘটনার কথা সংসদ সদস্যরা উল্লেখ করলে ৩০০ বিধিতে সে বিষয়ে বিবৃতি দিতে পারবেন।’
তিনি আরও জানান, আলোচিত ও অনালোচিত বিভিন্ন অপরাধের বিচার দ্রুত এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করছে। তবে বিচার সম্পন্ন করার দায়িত্ব বিচার বিভাগের বলেও উল্লেখ করেন তিনি।
সাম্প্রতিক কয়েকটি অপরাধের উদাহরণ টেনে সালাহউদ্দিন আহমদ দাবি করেন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত সময়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, ‘এখানে কোথায় কী ব্যর্থতা আছে, বলতে হবে। আইন রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বা এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেনি—এগুলো বক্তব্যে চলে। এটা সংসদ। সংসদে তথ্যভিত্তিক কথা বলতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘কোনও নির্দিষ্ট ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে কি না, সে বিষয়ে নোটিশ দেওয়া হলে সংসদে এ নিয়ে বিতর্ক করা যাবে।’
ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে সাম্প্রতিক সময়ে বিতর্ক তৈরি হয়েছে। এর আগে পুলিশের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে সংঘর্ষের ঘটনাও ঘটে। তবে দুই বছর বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর তিতাস নদীতে নৌকাবাইচ আয়োজনের খবরও প্রকাশিত হয়েছে।
মন্তব্যসমূহ