লক্ষ্মীপুরের কমলনগরে প্রকাশ্যে শিয়াল জবাই করে এর মাংস বিক্রির চেষ্টার অভিযোগে মো. ইব্রাহিম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (২৩ আগস্ট) উপজেলার চর মার্টিনের মুন্সিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ইব্রাহিমকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মুন্সিগঞ্জ বাজারের কাছে একটি জালে শিয়ালটি আটকা পড়ে। পরে ইব্রাহিম সেটিকে জবাই করে মাংস বিক্রির উদ্যোগ নেন। মাংস বিক্রির সময় পাশে শিয়ালের কাটা মাথাও রাখা হয়েছিল বলে স্থানীয়রা জানান। বিষয়টি জানতে পেরে কয়েকজন স্থানীয় বাসিন্দা তাকে ধাওয়া করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, বন্য প্রাণী হত্যার পর তার মাংস বিক্রির চেষ্টা করার অভিযোগে ইব্রাহিমকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। তবে জরিমানার অর্থ পরিশোধের সামর্থ্য না থাকায় মুন্সিগঞ্জ বাজার কমিটির সদস্যরা চাঁদা তুলে সেই অর্থ পরিশোধ করেন।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী লাইসেন্স বা পারমিট ছাড়া কোনো বন্য প্রাণী, এর মাংস বা দেহাংশ দখলে রাখা, কেনাবেচা কিংবা বাণিজ্যিকভাবে ব্যবহার করা আইনত নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ।
মন্তব্যসমূহ