সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে পুলিশের মনোবল অনেকটাই ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ সব শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সক্ষমতা নিয়ে কাজ করছে।
বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেসব ঘটনা সামনে এসেছে, সেগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে রংপুরের একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ বাহিনীর সংস্কার ও আধুনিকায়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশকে ধীরে ধীরে আরও জনবান্ধব বাহিনীতে রূপান্তর করা হচ্ছে। জনগণের সেবা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। তবে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে কিছুটা সময় প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সরকার যে আইনশৃঙ্খলা বাহিনী পেয়েছে, তাদের সক্ষমতা, মনোবল এবং জনগণের প্রত্যাশা—সবকিছু একসঙ্গে বিবেচনায় নিয়ে কাজ করতে হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের প্রত্যাশার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন, সদস্যদের মনোবল বাড়ানো এবং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনে তাদের আরও উৎসাহিত করার কাজ একযোগে এগিয়ে নেওয়া হচ্ছে।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা ছাড়াও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ