আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো ধরনের উসকানিতে না গিয়ে শান্তিপূর্ণভাবে লংমার্চ কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কর্মসূচিতে দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি জানান, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকটের সমাধান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ—এই ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্য এ কর্মসূচির আয়োজন করছে। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা লংমার্চে নেতৃত্ব দেবেন।
লংমার্চ সফল করতে ইতোমধ্যে বিভিন্ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে বলে জানান জামায়াতের এই নেতা। অভ্যর্থনা, চিকিৎসা, পরিবহন, প্রচার ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি, স্বেচ্ছাসেবক, সংস্কৃতি এবং প্রশাসনিক যোগাযোগসহ বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। নিয়মিত বৈঠকের মাধ্যমে প্রস্তুতি এগিয়ে চলছে বলেও জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে। পথে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, কর্মসূচিতে এক হাজারের বেশি যানবাহন অংশ নিতে পারে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর এলাকার নেতাকর্মী এবং সাধারণ মানুষ এতে অংশ নেবেন বলে আশা করছে আয়োজকরা।
লংমার্চকে কেন্দ্র করে গত ২৪ আগস্ট সন্ধ্যায় পুলিশ প্রশাসনের সঙ্গে ১১ দলীয় ঐক্যের বৈঠক হয়েছে বলেও জানান তিনি। বৈঠকে লংমার্চের সম্ভাব্য রুট, পথসভা এবং অন্যান্য কর্মসূচির স্থান সম্পর্কে প্রশাসনকে অবহিত করা হয়েছে।
সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি কমাতে মহাসড়কের একটি অংশ দিয়ে লংমার্চের বহর পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানান মিয়া গোলাম পরওয়ার। এতে অপর অংশ দিয়ে সাধারণ যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। তবে বড় কর্মসূচির কারণে কোথাও সাময়িক অসুবিধা হলে তার জন্য আগেই দুঃখ প্রকাশ করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এটি একটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি। কোনো ধরনের উসকানির সুযোগ না দিয়ে কর্মসূচি সফল করার জন্য প্রশাসন, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।
প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ