রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কর্মসূচির সমাপনী ব্রিফিং চলাকালে এ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের সঙ্গে উপস্থিত নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কিছু সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দেওয়া হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে উত্তেজনার মধ্যে সাংবাদিকদের সঙ্গে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়।
এ ঘটনায় দৈনিক সকালের সময়ের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশির আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার পর তার মুখ থেকে রক্ত ঝরতে দেখা যায়। পরে সহকর্মী সাংবাদিকরা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় পর্যায়ের কয়েকজন জামায়াত নেতা ও কর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে ধানমন্ডি থানা জামায়াতের এক নেতা বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং বহিরাগতদের কারণে ঘটতে পারে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।