রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার (২৪ আগস্ট) বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। পরে সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম, আদালত পরিচালনা এবং বিচার বিভাগের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন তারা।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, সাক্ষাতে বিচারাঙ্গনে বিদ্যমান বিভিন্ন সমস্যার বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি বলেন, আদালতে মামলাজট দিন দিন বাড়ছে। প্রতিদিন যে সংখ্যক মামলা নিষ্পত্তি করা হচ্ছে, তার তুলনায় নতুন মামলা দায়েরের সংখ্যা বেশি হওয়ায় জট কমানো কঠিন হয়ে পড়ছে।
এ ছাড়া প্রয়োজনীয় দক্ষ জনবলের সংকট, অতিরিক্ত মামলার চাপ এবং বিচার বিভাগের কাঠামোগত বিভিন্ন সমস্যার কথাও রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি। এসব সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন প্রধান বিচারপতি।
জবাবে রাষ্ট্রপতি মামলাজট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা সালিশি ব্যবস্থা এবং গ্রাম আদালতকে আরও কার্যকর ও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিচার বিভাগের অন্যান্য সমস্যা সমাধানেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব ও প্রেস সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ