বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং ধর্মপ্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকসুদার রহমান মাস্টার, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন ও সদস্যসচিব মাহমুদুল হক মামুনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় জেলা মহিলা দল, ছাত্রদল এবং গাইবান্ধার সাত উপজেলা বিএনপির নেতাকর্মীরাও মিছিলে যোগ দেন। বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন এবং রুহুল কবির রিজভী ও শামীম কায়সার লিংকনকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের আগে দলীয় কার্যালয় চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল এবং পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ।
সমাবেশে বক্তারা রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব এবং শামীম কায়সার লিংকনকে ধর্মপ্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানান।
নেতারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে রুহুল কবির রিজভী ও শামীম কায়সার লিংকনের নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলীয় কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
মন্তব্যসমূহ