যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে বিরল ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ নেগলেরিয়া ফাওলেরি (Naegleria fowleri)-এর সংক্রমণে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা, লেক ক্লেইবর্নে সাঁতার কাটার সময় শিশুটি এই অ্যামিবার সংস্পর্শে এসেছিল।
লুইজিয়ানার রুস্টনের বাসিন্দা লিলিয়ান স্মার্ট শনিবার (২২ আগস্ট) মারা যায়। এর মাত্র এক দিন আগে তার অষ্টম জন্মদিন উদযাপন করা হয়েছিল। পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর জানানো হয়। গত ১৫ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিল লিলিয়ান।
পরিবার জানিয়েছে, সংক্রমণে লিলিয়ানের মস্তিষ্কে গুরুতর ক্ষতি হয়েছিল। চিকিৎসকেরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার শরীর সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি।
লুইজিয়ানা স্বাস্থ্য বিভাগ গত ১৯ আগস্ট রাজ্যের এক বাসিন্দার শরীরে নেগলেরিয়া ফাওলেরি সংক্রমণ শনাক্ত হওয়ার কথা জানায়। স্বাস্থ্য বিভাগের প্রাথমিক ধারণা ছিল, ক্লেইবর্ন প্যারিশের লেক ক্লেইবর্নে সাঁতার কাটার সময় ওই ব্যক্তি সংক্রমিত হন। পরে পরিবার ও স্থানীয় সংবাদমাধ্যম আক্রান্ত শিশুটিকে লিলিয়ান স্মার্ট হিসেবে শনাক্ত করে।
নেগলেরিয়া ফাওলেরি একটি অতি বিরল এককোষী জীব, যা সাধারণত উষ্ণ মিঠাপানির হ্রদ, নদী ও পুকুরে পাওয়া যায়। দূষিত পানি নাক দিয়ে শরীরে প্রবেশ করলে অ্যামিবাটি মস্তিষ্কে পৌঁছে ‘প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস’ বা পিএএম নামে মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে। তবে দূষিত পানি পান করলে সাধারণত এই সংক্রমণ হয় না এবং এটি একজন থেকে অন্যজনে ছড়ায় না।
যুক্তরাষ্ট্রে এ ধরনের সংক্রমণ অত্যন্ত বিরল। ১৯৩৭ সাল থেকে দেশটিতে প্রায় ১৮০টি সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে। লুইজিয়ানাতেও ২০১১ সালের পর মাত্র কয়েকটি ঘটনা শনাক্ত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, গ্রীষ্মকালে পানির তাপমাত্রা বাড়লে উষ্ণ মিঠাপানিতে এই অ্যামিবার উপস্থিতির ঝুঁকি বাড়তে পারে। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা ক্লোরিনযুক্ত সুইমিং পুল ও লবণাক্ত পানিতে এটি সাধারণত পাওয়া যায় না।
লিলিয়ান হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিবারের সহায়তায় এগিয়ে আসে রুস্টনের স্থানীয় বাসিন্দা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। দুই ডজনের বেশি ব্যবসাপ্রতিষ্ঠান তাদের বিক্রির একটি অংশ পরিবারটিকে দেওয়ার উদ্যোগ নিয়েছিল। শেষ পর্যন্ত বিরল এই সংক্রমণের সঙ্গে লড়াই করে শনিবার মারা যায় লিলিয়ান।
সূত্র: দ্য গার্ডিয়ান
মন্তব্যসমূহ