দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন।
রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৮২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ঢাকার এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
এ বছর এ পর্যন্ত দেশে মোট ২৮ হাজার ৯২৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৬ হাজার ৮৯৭ জন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জুলাই মাসে ৯ হাজার ২০৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। তবে আগস্টের প্রথম ২৩ দিনেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৬১৯ জনে, যা চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি।
এর আগে জুন মাসে ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিলেন। এছাড়া জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯ জন, মার্চে ৩৫৩ জন, এপ্রিলে ৬৪০ জন এবং মে মাসে ৭১৪ জন ডেঙ্গু আক্রান্ত হন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্টে ডেঙ্গু সংক্রমণ দ্রুত বেড়েছে। একই সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মন্তব্যসমূহ