চলতি বছরের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন সূচি অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর সারা দেশে একযোগে পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ১৫ ডিসেম্বর।
রোববার (২৩ আগস্ট) মাউশির ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচির পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও প্রকাশ করা হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সময়সূচি চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাপঞ্জিতে ১৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে জুনিয়র বৃত্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা ছিল। তবে গত ৬ আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত বিশেষ সভায় পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই নতুন সূচি নির্ধারণ করা হয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং চলবে বেলা ১টা পর্যন্ত।
বাংলা, ইংরেজি ও গণিতের প্রতিটি পরীক্ষা হবে ১০০ নম্বরের। এসব বিষয়ের পরীক্ষার জন্য শিক্ষার্থীরা তিন ঘণ্টা সময় পাবে। শেষ দিনে বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি বিষয়ের জন্য সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা ৩০ মিনিট।
চার বিষয়ের মোট ৪০০ নম্বরের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির জন্য নির্বাচন করা হবে।
পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসনে বসতে হবে। পরীক্ষার কমপক্ষে সাত দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
উত্তরপত্রের ওএমআর অংশে রোল নম্বর, নিবন্ধন নম্বর ও বিষয় কোড নির্ভুলভাবে লিখে নির্ধারিত বৃত্ত পূরণ করতে হবে। উত্তরপত্র কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না।
পরীক্ষায় শিক্ষা বোর্ড অনুমোদিত সাধারণ বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার্থী কিংবা অন্য কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না।
মন্তব্যসমূহ