রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় নতুন একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
শনিবার (২২ আগস্ট) দুপুরে মোহাম্মদপুরের বসিলায় ফিরোজা বাশার আইডিয়াল কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করা শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, মোহাম্মদপুরকে ঢাকার অন্যতম শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে বসিলা এলাকায় একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নতুন নতুন প্রযুক্তির বিকাশের ফলে অনেক প্রচলিত পেশা ভবিষ্যতে পরিবর্তিত বা বিলুপ্ত হতে পারে। একই সঙ্গে নতুন কর্মক্ষেত্র ও পেশারও সৃষ্টি হবে। তাই শিক্ষার্থীদের এখন থেকেই ভবিষ্যতের পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে।
প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে আধুনিক প্রযুক্তিভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তোলার সুযোগ তৈরি করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের যোগ্যতা ও দক্ষতা বাড়ানোর জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য গভর্ন্যান্সবিষয়ক একটি প্রতিযোগিতা আয়োজনের ঘোষণাও দেন ববি হাজ্জাজ। এতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার এক লাখ টাকার বেশি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্যও পুরস্কারের ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।
প্রতিযোগিতায় বিজয়ীদের এক দিনের জন্য ‘শ্যাডো মিনিস্টার’ ও ‘শ্যাডো এমপি’ হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। এর মাধ্যমে শিক্ষার্থীদের রাষ্ট্র পরিচালনা ও জনসেবার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ববি হাজ্জাজ বলেন, ভবিষ্যতে এসব শিক্ষার্থীর মধ্য থেকেই কেউ সংসদ সদস্য বা মন্ত্রী হয়ে দেশ পরিচালনায় ভূমিকা রাখতে পারে। তরুণদের নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফিরোজা বাশার আইডিয়াল কলেজ থেকে ২৬৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। মোহাম্মদপুর এলাকায় শতভাগ পাসের হারের দিক থেকে প্রতিষ্ঠানটি দ্বিতীয় অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিরোজা বাশার আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সদস্য মোহাম্মদ ফিরোজ মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, মোহাম্মদপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা, মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রাজু আহমেদসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
মন্তব্যসমূহ